হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদন অনুযায়ী, ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল-আবুদি ২৮ নভেম্বর বিকেলে তেহরানে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করেন। ইরাকের উচ্চপর্যায়ের নিরাপত্তা প্রতিনিধিদলের তেহরান সফরের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মোহসেন রেজায়ি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, স্বাধীন, শক্তিশালী ও উন্নত ইরাক আঞ্চলিক নতুন নিরাপত্তাব্যবস্থার অন্যতম ভিত্তি হয়ে উঠতে পারে।
দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, এ সহযোগিতায় বিদেশিদের নেতিবাচক প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া উচিত নয়।
অন্যদিকে, ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল-আবুদি নিরাপত্তা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে তাঁর দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, নিরাপত্তা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নই ইরাকের লক্ষ্য। ইরানের বিরুদ্ধে কিংবা অন্য প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা চালানোর জন্য ইরাকের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।
আপনার কমেন্ট